শুক্রবার । জুন ২৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৫ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শেয়ার

বিমানবন্দরে ইরানি অধিনায়ক ও কোচকে আটকে দিল যুক্তরাষ্ট্র


iran-team

ফাইল ছবি

মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে আবারও আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। মেক্সিকোর তিজুয়ানা বিমানবন্দরে ইরান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেহেদি তারেমি ও সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হয়রানি ও পরিকল্পিতভাবে বাধা সৃষ্টির গুরুতর অভিযোগ তুলেছে ইরান ফুটবল ফেডারেশন।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মিশরের মুখোমুখি হওয়ার জন্য সিয়াটলে যাওয়ার কথা ছিল ইরান দলের। তবে তিজুয়ানা বিমানবন্দরে দলের অন্যতম সেরা তারকা ও অধিনায়ক তারেমি এবং সহকারী কোচ আলহোইকে মার্কিন কর্তৃপক্ষ আটকে দেওয়ায় পুরো দলের যাত্রা মারাত্মকভাবে বিলম্বিত হয়।

এর মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, ইরান দলকে ম্যাচের দুই দিন আগে নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কিন্তু বিমানবন্দরে আচমকা এই জটিলতা তৈরি করায় দলের নির্ধারিত সময়সূচি ও প্রস্তুতি ব্যাহত হয়।

এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, দলের সদস্যরা তাদের অধিনায়ক ও সহকারী কোচের জন্য বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। দলের প্রধান এই দুই সদস্যকে ছাড়া সিয়াটলের উদ্দেশে যাত্রা না করার একাট্টা সিদ্ধান্ত নেয় পুরো দল।

বিস্ময়কর বিষয় হলো, এর আগেও একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছিল ইরান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর দিয়ে মেক্সিকোয় ফেরার সময়ও মেহেদি তারেমি ও সাঈদ আলহোইকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করে ইরান। সে সময় পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের অজুহাতে তাদের যাত্রায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব ঘটানো হয় বলে দাবি ফেডারেশনের।

ইরান ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছে, বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত ছিল সব দলের জন্য সমান ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বারবার ইরান দলের গুরুত্বপূর্ণ সদস্যদের আটকে দেওয়ার ঘটনায় তারা তীব্র উদ্বেগ প্রকাশ করেছে।

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে রাজনৈতিক বৈরিতার এমন ছায়া নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, মাঠের বাইরের এই মানসিক চাপ ও প্রতিকূল পরিস্থিতি মিশরের বিপক্ষে ইরানের মাঠের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলে কি না।