বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২৫ জুন ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ন
শেয়ার

গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, হেরেও নকআউটে কানাডা


switzerland

ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দারুণ ধারাবাহিকতা ধরে রেখে স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। এই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে সুইসরা। অন্যদিকে এই ম্যাচে পরাজয় সত্ত্বেও রানারআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে স্বাগতিক কানাডা।

এক জয় ও এক ড্র নিয়ে মাঠে নামা সুইজারল্যান্ডের সামনে ছিল গ্রুপসেরা হওয়ার সুবর্ণ সুযোগ। সেই লক্ষ্য পূরণে শুরু থেকেই গোছানো ও সংগঠিত ফুটবল খেলতে থাকে ইউরোপের এই দলটি। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সুইসরা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৪০ সেকেন্ডের মাথায় সুইজারল্যান্ডকে এগিয়ে নেন রুবেন ভার্গাস। তাঁর নেওয়া জোরালো শটটি কানাডার গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপোকে পরাস্ত করে পোস্টে লেগে জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে সুইস শিবির।

প্রথম গোল হজমের ধাক্কা স্বাগতিকরা কাটিয়ে ওঠার আগেই ৫৭তম মিনিটে আবারও আঘাত হানে সুইজারল্যান্ড। ব্রিল এমবোলোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শট নেন জোহান মানজাম্বি। কানাডিয়ান গোলরক্ষক ক্রেপোর হাত ফসকে বল জালে ঢুকে গেলে ব্যবধান দাঁড়ায় ২-০।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় কানাডা। অবশেষে ৭৬তম মিনিটে বদলি খেলোয়াড় প্রোমিস ডেভিড গোল করে ব্যবধান ২-১-এ নামিয়ে আনেন। তবে বাকি সময়ে সুইস রক্ষণভাগ ভাঙতে না পারায় সমতায় ফেরা সম্ভব হয়নি স্বাগতিকদের।

এই জয়ে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করল সুইজারল্যান্ড। আগামী ২ জুলাই ভ্যাঙ্কুভারে শেষ ৩২-এর ম্যাচে কোনো একটি গ্রুপের তৃতীয় স্থানধারী দলের মুখোমুখি হবে তারা।

অন্যদিকে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও হারের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে কানাডার। রানারআপ হিসেবে নকআউটে ওঠা দলটিকে তাদের পরবর্তী ম্যাচ খেলতে যেতে হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, যেখানে তারা গ্রুপ ‘এ’-এর রানারআপ দলের মুখোমুখি হবে।

স্বাগতিক দর্শকদের কিছুটা হতাশ করলেও কানাডার বিশ্বকাপ অভিযান আপাতত টিকে রইল, আর সুইজারল্যান্ড জানান দিয়ে রাখল নকআউট পর্বে তারা যেকোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ।