বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৫ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭২ বাংলাদেশি


libya-bangladeshi

ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটকে থাকা ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টা ১৮ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটযোগে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জানা গেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই লিবিয়াতে বিভিন্ন সময়ে ভয়াবহ অপহরণ ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তাগণ তাদের অভ্যর্থনা জানান।

ভবিষ্যতে কেউ যেন এভাবে দালালের খপ্পরে পড়ে নিজের জীবন ঝুঁকিতে না ফেলে, সেই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য ফিরে আসা বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে যাতায়াত বা পথখরচা, জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা অবশিষ্টাংশ বাংলাদেশি নাগরিকদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে নিরলস কাজ করে যাচ্ছে।