
ছবি: আল-জাজিরা
ভূমধ্যসাগরে ফিলিস্তিনের গাজাগামী একটি ত্রাণবাহী নৌবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গ্রিসের অদূরে আন্তর্জাতিক পানিসীমায় এই অভিযান চালিয়ে ১৭৫ জন মানবাধিকার কর্মীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়েছেন অ্যাক্টিভিস্টরা।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সদস্য ইয়াসিন বেনজেলউন জানান, ইসরাইলি বাহিনী হঠাৎ করেই ত্রাণবাহী জাহাজগুলো ঘিরে ফেলে এবং সেখানে থাকা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর চড়াও হয়। অত্যন্ত পরিকল্পিতভাবে আন্তর্জাতিক পানিসীমায় এই হামলা চালানো হয়।
হামলার শিকার হওয়ার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে বেনজেলউন বলেন, ‘ইউরোপ কোথায়? বিশ্বনেতারা কোথায়? কেন আমরা এই নৃশংসতা নিয়ে আরও বেশি কথা বলছি না?’ তিনি আরও বলেন, বিগত তিন বছর ধরে ফিলিস্তিনে যে সহিংসতা চলছে, তা আমাকে হতবাক করেছে। এখন যারা কেবল মানবিক সহায়তা নিয়ে যাচ্ছে, সেই নিরপরাধ বেসামরিক মানুষের ওপরও একই সহিংসতা চালানো হচ্ছে।
আন্তর্জাতিক পানিসীমায় এ ধরনের হামলা ও ত্রাণকর্মীদের অপহরণের ঘটনায় বিশ্বজুড়ে নতুন করে নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো অপহৃত ১৭৫ কর্মীর দ্রুত মুক্তি ও নিরাপত্তার দাবি জানিয়েছে।










































