শনিবার । এপ্রিল ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৫ এপ্রিল ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
শেয়ার

অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই


topon

ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তপন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা আর কোনো চিকিৎসার সুযোগ নেই জানালে শুক্রবার বিকেলে তাঁকে বাসায় নেওয়া হয়। রাতেই অবস্থার অবনতি হয়ে তিনি মারা যান।

জানা গেছে, শুক্রবার রাতেই আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ টাঙ্গাইলে নেওয়া হবে। সেখানকার ধনবাড়ী উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে কমেডি চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া টেলিভিশন নাটকে ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’ দর্শকদের মনে জায়গা করে নেয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।