
প্রধানমন্ত্রী গো-কার্ট চালিয়ে তরুণ এই উদ্ভাবককে উৎসাহ দেন
তরুণ মেধার অসামান্য উদ্ভাবন দেখে মুগ্ধ হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে কলেজ ছাত্র রিজওয়ান রশীদের নিজ হাতে তৈরি একটি ‘গো-কার্ট’ পর্যবেক্ষণ করেন তিনি। শুধু দেখাই নয়, একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে তরুণ এই উদ্ভাবককে উৎসাহ দেন।
আজ শনিবার দুপুরে (২৫ এপ্রিল ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন রিজওয়ান রশিদ। সেখানে নিজের তৈরি গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন তিনি।
আগ্রহভরে নতুন এই যানটি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি সেটি চালিয়েও দেখেন তিনি।

এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগিয়ে গো কার্টটি তৈরি করেন রিজওয়ান রশিদ
প্রধানমন্ত্রী গো-কার্টটি চালানোয় অভিভূত হয়েছেন তরুণ রিজওয়ান রশিদ। তিনি বলেন, তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন তা তিনি ভাবতেই পারেননি, এটি তাকে অনুপ্রাণিত করেছে। রিজওয়ান রশিদ জানান, গো-কার্টটি রাজধানীর মোহাম্মদপুর থেকে চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন।

জানা গেছে, এসএসসি পরীক্ষার পর অবসর সময়ে স্থানীয় বাজার থেকে বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ করে নিজ উদ্যোগে এই গো-কার্টটি তৈরি করেন রিজওয়ান। তার এই ব্যতিক্রমী উদ্ভাবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি মেধাবী এই তরুণকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।

নিজ উদ্যোগে এই গো-কার্টটি তৈরি করেন রিজওয়ান
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গোট-কার্ট তৈরির গল্প শোনান রিজওয়ান রশিদ। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত, বাবার অনুপ্রেরণাতেই এই কাজ শুরু করেন তিনি। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে কিছু করার পরিকল্পনা করেন রিজওয়ান রশিদ। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কিনে দিলেও তার আগ্রহ ছিল গাড়িতে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় তিনি নিজেই গো-কার্ট তৈরি করেন।
গো-কার্টটি চালানোর পর প্রধানমন্ত্রী রিজওয়ানের সৃজনশীলতার প্রশংসা করেন এবং এটি আরও উন্নত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
তিনি বলেন, তরুণদের এমন উদ্ভাবনী চিন্তাই আগামী দিনের আধুনিক বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।






































