
ছবি: সংগৃহীত
সারাদেশে ভ্যাপসা গরম ও লোডশেডিংয়ে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা আরও বেড়েছে এবং তা নতুন নতুন জেলায় বিস্তৃত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন এই গরমের ধারা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) দেশের ১৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগের দিন ৯টি জেলায় এই অবস্থা থাকলেও আজ তা আরও বিস্তৃতি লাভ করেছে। এদিন রাজশাহীতে চলতি মৌসুমের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঢাকার তাপমাত্রা সোমবারের তুলনায় সামান্য কমে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী দুই-তিন দিন তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী ভাব বজায় থাকতে পারে। তবে স্বস্তির খবর হলো, আগামী ২৬ এপ্রিলের পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। মে মাসের প্রথম পক্ষ পর্যন্ত এই বৃষ্টির ধারা কমবেশি অব্যাহত থাকতে পারে, যা জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে।

প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও গ্রামাঞ্চলে দিনে এবং রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একদিকে বৃষ্টির অভাব, অন্যদিকে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় শরীরে প্রচণ্ড অস্বস্তি অনুভূত হচ্ছে।
সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ ও ২৬ এপ্রিলের দিকে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। ৩৬ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার ওপর ভিত্তি করে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের শ্রেণিবিন্যাস করা হয়, যার মধ্যে বর্তমানে দেশের বড় একটি অংশ মাঝারি তাপপ্রবাহের কবলে রয়েছে।





































