রবিবার । জুন ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২১ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শেয়ার

প্রথমার্ধে সৌদির জালে স্পেনের ৩ গোল


spain-saudi

ছবি: সংগৃহীত

নকআউটে যাওয়ার সমীকরণ মেলাতে সৌদি আরবের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে স্পেন। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় আজ স্প্যানিশদের জন্য জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই। আর সে লক্ষ্যেই যেন সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধের ২৪ মিনিট যেতেই তারা ৩-০ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই বড় ব্যবধান নিয়েই বিরতিতে গেছে স্প্যানিশরা।

প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুতে মাঠে নামতে পারেননি তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। শেষ ২০ মিনিট মাঠে থাকলেও দলকে জেতাতে পারেননি, ফলে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে নকআউটের টিকিট নিশ্চিতের ম্যাচে আজ তাঁকে রেখেই শুরুর একাদশ গঠন করেন স্পেন কোচ। সঙ্গে ফেরানো হয় দানি ওলমোকেও। কোচের সেই আস্থার প্রতিদান দিতে একদমই সময় নেননি ইয়ামাল।

ম্যাচের শুরু থেকেই সৌদির গোলমুখে তুমুল আক্রমণ সৃষ্টি করে স্পেন। পুরোপুরি ডিফেন্সিভ হয়ে সেই আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিল সৌদি আরবের ফুটবলাররা। তবে ম্যাচের ১০ম মিনিটে আর শেষ রক্ষা হয়নি। লেফট উইং ধরে বল নিয়ে এগিয়ে এসে একটি নিচু ক্রস দেন মিকেল ওয়ারজাবাল। পোস্টের সামনে মাটি কামড়ে আসা সেই ক্রস দারুণ ক্ষিপ্রতায় সৌদির জালে জড়িয়ে দেন ইয়ামাল। ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।

২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল ওয়ারজাবাল নিজেই। কর্নার কিক থেকে ভেসে আসা বল সৌদির বক্সের সামনে ঘুরতে থাকলে ফাঁকায় পেয়ে জালে জড়ান তিনি।

তৃতীয় গোল আসতেও খুব বেশি সময় লাগেনি। স্প্যানিশ আক্রমণের তোড়ে সৌদি রক্ষণ যখন পুরোপুরি দিশেহারা, ঠিক তখনই ২৪তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে ৩য় গোলটি করেন ওয়ারজাবাল। মাত্র ২৪ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচটি একরকম নিজেদের পকেটে পুরে নেয় স্প্যানিশরা। এরপর প্রথমার্ধের বাকি সময়ে আরও বেশ কয়েকটি আক্রমণ হলেও ব্যবধান আর বাড়েনি।