
থালাপতি বিজয়
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনীতিতে আগমন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তামিলগা ভেত্রি কাজগামের (টিভিকে) এক সমাবেশে দেওয়া বক্তব্যে সমালোচকদের সরাসরি জবাব দিয়েছেন তিনি।
চেন্নাইয়ে অনুষ্ঠিত দলীয় সমাবেশে বিজয় বলেন, “হ্যাঁ, আমি একজন অভিনেতা—এটা নতুন কিছু নয়। কিন্তু আমি রাজনীতিতে অভিনয় করিনি।”
তার এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে বিরোধীদের পক্ষ থেকে তাকে ‘শুধু অভিনেতা’ বলে খাটো করার চেষ্টা করা হচ্ছিল। বিজয়ের মন্তব্যকে সেই সমালোচনার জবাব হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা রাজনীতিতে থেকে নাটকের মতো আচরণ করেন, তাদের কি তাহলে অভিনেতা-অভিনেত্রী বলা উচিত? এ মন্তব্যে রাজনৈতিক কটাক্ষের ইঙ্গিত স্পষ্ট হয়েছে।
সমাবেশে বিজয় সাম্প্রতিক করুরের পদদলিত হওয়ার মর্মান্তিক ঘটনাও তুলে ধরেন। নিহতদের প্রতি শোক জানিয়ে প্রশাসনের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ভারতের রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন নয়। অতীতে এম জি রামাচন্দ্রন ও জয়ললিতার মতো তারকারা রাজনীতিতে সফল হয়েছেন।
এদিকে বিজয়ের আলোচিত সিনেমা ‘জন নায়গন’ মুক্তির আগেই বিপাকে পড়েছে। কিছু দৃশ্য ও গানের অংশ ফাঁস হওয়ার পর পুরো ছবির এইচডি সংস্করণও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








































