রবিবার । জুন ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ জুন ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
শেয়ার

আ. লীগ আমলের পরিসংখ্যানের ‘ফরেনসিক রিভিউ’ চলছে: জোনায়েদ সাকি


jonayed-saki

ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের সময়কার পরিসংখ্যানগত কারসাজির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য-উপাত্ত পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিসংখ্যানের সবকিছুর ‘ফরেনসিক রিভিউ’ চলছে।

রোববার (৭ জুন) পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্ভুল ও বাস্তবসম্মত তথ্য-উপাত্ত চায়। কোনো তথ্য গোপন না রেখে দেশের প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক চিত্র তুলে ধরাই তাদের লক্ষ্য। একই সঙ্গে মূল্যস্ফীতি নির্ধারণের পদ্ধতিও পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ৬০ থেকে ৭০ শতাংশ অগ্রগতি হয়েছে—এমন প্রকল্পগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে সমজাতীয় প্রকল্পগুলোকে একীভূত করে কর্মসূচিভিত্তিক বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে। এছাড়া প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধি হলে তার দায় প্রকল্প পরিচালকদের নিতে হবে—এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে প্রকল্প পরিচালকদের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের কাজও চলছে।

প্রতিমন্ত্রী আরও জানান, আসন্ন বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন।

তিনি বলেন, ব্যাংক ও আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকার কাজ করছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একটি আত্মনির্ভরশীল জ্বালানি নীতি প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।