
সংগৃহীত ছবি
নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ও একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে বিএনপি, ছাত্রদল ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়ের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। সুধারাম মডেল থানার পুলিশ জানিয়েছে, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












































