লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ ২৭ দিন পর দেশে ফিরেছে। রোববার সকালে কফিনবন্দি লাশ নিজ নিজ গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।
গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে অঞ্চলে ড্রোন হামলায় নিহত হন শফিকুল ও নাহিদুল। শনিবার রাতে তাদের মরদেহ ঢাকায় পৌঁছালে সরকারের পক্ষ থেকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতদের পরিবার জানায়, দুজনই ঋণ নিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে গিয়েছিলেন। তাদের মৃত্যুতে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
প্রবাসীকল্যাণ কর্তৃপক্ষ জানিয়েছে, দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও জীবনবীমা মিলিয়ে নিহত দুই পরিবারের প্রত্যেককে মোট ১৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।














































