সোমবার । জুন ৮, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৭ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শেয়ার

সংসদ অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি


Sangsad-Bhaban

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শেষে অধিবেশন আগামীকাল সোমবার (৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। কার্যসূচি সম্পন্ন হওয়ার পর স্পিকার অধিবেশন মুলতবির ঘোষণা দেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এটি প্রথম বাজেট অধিবেশন। একই সঙ্গে এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়নসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট উপস্থাপনের পর সরকারি ও বিরোধী দলের সদস্যরা প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা করবেন।

এদিকে অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট আলোচনা, বিভিন্ন বিল উত্থাপন এবং প্রশ্নোত্তর কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, বাজেটের ওপর আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে এবং বর্তমান বাজেট অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে।

আগামীকাল সোমবার বিকেল ৩টায় পুনরায় অধিবেশন শুরু হবে।