
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইনগেট আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাইরাল রিলে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে।
একটি ওয়েডিং কোরিওগ্রাফি ভিডিওতে মজার ছলে জেনিফার মন্তব্য করেন, “একটা ইন্ট্রো লেসন চাই।” এরপরই ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনা—তাহলে কি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী?

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, বিয়ের নাচ শেখার জন্য আগ্রহীরা মন্তব্য করলে তাদের ইন্ট্রো লেসন দেওয়া হবে। সেই পোস্টেই জেনিফারের মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে ভক্তদের প্রশ্নের বন্যা বইতে থাকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অনেক অনুসারীর দাবি, জেনিফার সম্প্রতি একজন ওয়েডিং ফটোগ্রাফারকে অনুসরণ করছেন। এ ছাড়া সিঙ্গাপুরপ্রবাসী উইলিয়াম ইসমাইলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে অভিনেত্রী কখনও প্রকাশ্যে কিছু বলেননি।
২০১২ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে করেছিলেন জেনিফার। তবে ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর করণ নতুন জীবনে পা রাখলেও জেনিফার নিজের ক্যারিয়ারেই মনোযোগ দেন।
অভিনয়জীবনে জেনিফার উইনগেট ‘কসৌটি জিন্দেগি কে’, ‘দিল মিল গ্যায়ে’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও তিনি সফলভাবে কাজ করছেন।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল










































