সোমবার । এপ্রিল ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২০ এপ্রিল ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার

সংরক্ষিত আসন: কনকচাঁপার কণ্ঠে আক্ষেপ ও ‘আলহামদুলিল্লাহ’


কনকচাঁপা। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি অংশ নিতে না পারলেও শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে সোমবার (২০ এপ্রিল) দলটির প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে ভিন্ন চিত্র—শূন্য হাতে ফিরতে হয়েছে বিনোদন জগতের সকল মনোনয়নপ্রত্যাশীকে। তালিকায় নাম না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী কনকচাঁপা।

মনোনয়ন তালিকা প্রকাশের পর আজ দুপুরে জনপ্রিয় গায়িকা কনকচাঁপা তার ভেরিফাইড ফেসবুক পেজে ১১ বার ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট করেন। এরপর আরেকটি দীর্ঘ পোস্টে তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দেন।

তিনি লেখেন, “জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবুও বলি আলহামদুলিল্লাহ।”

দলের মূল্যায়ন নিয়ে কিছুটা আক্ষেপ ফুটে উঠেছে তার লেখায়। তিনি মন্তব্য করেন যে, দল হয়তো তাকে “সাদামাটা” ভেবে গুরুত্ব দেয়নি। তার ভাষায়, “দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার। গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।”

তবে মনোনয়ন না পেলেও দেশের হয়ে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই শিল্পী। তিনি মনে করেন, এই সিদ্ধান্তের পেছনে আল্লাহর কোনো মঙ্গল নিহিত আছে। পোস্টের শেষে তিনি লেখেন, বড় কোনো ভূমিকা রাখতে না পারলেও অন্তত মরে গিয়ে দেশের মাটিকে উর্বর করার কাজে তিনি আসতে চান।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় শোবিজের একঝাঁক জনপ্রিয় নাম ছিল। সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার লড়াইয়ে ছিলেন- সংগীতশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন ও দিঠি আনোয়ার। এছাড়া আরও ছিলেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

বিপুল জনসমর্থন এবং দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা সত্ত্বেও প্রকাশিত তালিকায় এদের কারোরই নাম স্থান পায়নি।