সোমবার । এপ্রিল ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২০ এপ্রিল ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার

পরাজয়কেও উদযাপন করছেন চমক


Chomok

কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই বেশি সক্রিয় রুকাইয়া জাহান চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। যদিও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি, তবুও এতে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি। বরং দেশের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভে এসে সমালোচকদের জবাব দেন চমক। তিনি বলেন, নিজের পরাজয়কেও উদযাপন করছেন এবং ব্যর্থতা তাকে থামাতে পারবে না। ভবিষ্যতেও তিনি চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান।

চমক বলেন, এটি তার রাজনৈতিক পথচলার শুরু মাত্র। যোগ্য ও দীর্ঘদিন দলের জন্য কাজ করা নেতাকর্মীরাই আগে সুযোগ পাবেন, সেটিই স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। তাই মনোনয়ন না পাওয়ায় তার কোনো হতাশা নেই।

ইতিবাচক মন্তব্য, সমর্থন ও শুভকামনায় অনুপ্রাণিত হয়ে তিনি জানান, সামনে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে।

রাজনীতিতে নিজেকে একেবারেই নতুন দাবি করে চমক বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাওয়ার মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। দল থেকে পাওয়া সমর্থন ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে মনোনয়ন পাওয়া সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সবাই মিলে দেশের জন্য কাজ করতে চান। তার মূল লক্ষ্য দেশ ও মানুষের সেবা করা। পাশাপাশি নিজ জেলা কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন রুকাইয়া জাহান চমক। পরে ২০২০ সালে অভিনয়ে যাত্রা শুরু করে অল্প সময়েই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।