
নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় নতুন মোড় নিয়েছে। নিখোঁজদের একজন জামিল লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ, আর এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ জানায়, নিহত জামিল লিমন বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। তবে একই ঘটনায় নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, লিমনকে সর্বশেষ গত ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় দেখা যায়। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে, নাহিদা বৃষ্টিকে ওইদিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে শেষবার দেখা যায়।

এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লিমনের রুমমেট ছিলেন। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে বা ঘটনার বিস্তারিত কারণ এখনো প্রকাশ করেনি পুলিশ।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ নাহিদা বৃষ্টির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল









































