
হরিয়ানভি অভিনেত্রী ও মডেল দিবাঙ্কা সিরোহি।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হরিয়ানভি অভিনেত্রী ও মডেল দিবাঙ্কা সিরোহি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। গত মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর পর ২০২৩ সালের জুন মাসে করা একটি পুরোনো ইনস্টাগ্রাম পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই পোস্টে দিবাঙ্কা লিখেছিলেন, “শিব, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও।” এতে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উত্তর প্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া দিবাঙ্কা পরে হরিয়ানভি বিনোদন অঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। তিনি ৫০টির বেশি হরিয়ানভি গানের ভিডিওতে মডেলিং করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

এক সাক্ষাৎকারে দিবাঙ্কা জানিয়েছিলেন, টিকটকে করা একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই তাঁর জনপ্রিয়তা দ্রুত বাড়ে। ওই ভিডিও প্রায় দুই কোটি ভিউ পেয়েছিল এবং তাঁর অনুসারী সংখ্যা ৫০ লাখে পৌঁছে যায়।
বুধবার বিকেলে গাজিয়াবাদে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তবে পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে








































