
রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের জন্য এমন বিকল্প স্থান নির্ধারণ করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সরকার হকারদের বিকল্প জায়গার ব্যবস্থা করার পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র প্রদান করবে, যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। সম্প্রতি মিরপুর, মতিঝিল, বায়তুল মোকাররম ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় চালানো উচ্ছেদ অভিযানে কয়েক শতাধিক দোকান সরিয়ে নেওয়া হয়েছিল।
পাশাপাশি, স্কুল-কলেজের সময় সড়কে তৈরি হওয়া যানজট নিরসনেও বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সামনের অনিয়ন্ত্রিত পার্কিং যানজটের প্রধান কারণ। এই সমস্যা সমাধানে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের পরামর্শ দেন তিনি। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, রাজউক, দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





































