শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৪ এপ্রিল ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
শেয়ার

রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল


Abbas Araghchi

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে পাকিস্তান সফরে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ও পাকিস্তানের ডন পত্রিকা। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া আঞ্চলিক সফরে আরাগচি পাকিস্তানের পাশাপাশি ওমান ও রাশিয়া সফর করবেন। সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ নিয়ে আলোচনা হবে।

ডনের খবরে বলা হয়, আরাগচির নেতৃত্বে ছোট একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছাবে। একই সময়ে যুক্তরাষ্ট্রের লজিস্টিক ও নিরাপত্তা দলও পাকিস্তানের রাজধানীতে অবস্থান নিয়েছে। তবে পাকিস্তানে অবস্থানকালে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে কোনো মার্কিন কর্মকর্তার বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ইসলামাবাদে সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং সম্ভাব্য বৈঠকস্থলের আশপাশের সড়ক বন্ধ রাখা হয়েছে।

এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেন আরাগচি। আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি, চলমান কূটনৈতিক প্রচেষ্টা এবং আঞ্চলিক পরিস্থিতি উঠে আসে। পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গেও আরাগচির যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ চলমান সংকট নিরসনে টেকসই আলোচনা ও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।