
তরুণ তারকা ইয়ামাল ও ওয়ারজাবালের নৈপুণ্যে সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে স্পেন
বিশ্বকাপেরর প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ড্রয়ের হতাশা ঝেড়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে স্পেন। তরুণ তারকা লামিনে ইয়ামাল ও ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবালের নৈপুণ্যে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লা রোহা।
গত সোমবার নিজেদের উদ্বোধনী ম্যাচে তুলনামূলক দুর্বল দল কেপ ভার্দের বিপক্ষে ড্র করে পয়েন্ট হারিয়েছিল স্পেন। ফলে সৌদি আরবের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ ছিল না তাদের। সেই চাপকে শক্তিতে পরিণত করে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন স্প্যানিশরা।
ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় স্পেন। ডান প্রান্ত থেকে মিকেল ওয়ারজাবালের বাড়ানো বল দূরের পোস্টে দারুণভাবে জালে পাঠান ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল। এই গোল স্পেনকে আত্মবিশ্বাসী করে তোলে।
প্রথম গোলের ধাক্কা সামলানোর আগেই আরও দুই গোল হজম করতে হয় সৌদি আরবকে। ২১ ও ২৪ মিনিটে মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ওয়ারজাবাল। তার নিখুঁত ফিনিশিংয়ে প্রথমার্ধের মাঝামাঝিতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
বিরতির পরও আক্রমণের ধার কমায়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সৌদি ডিফেন্ডার হাসান আলতামবাকতির আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এরপর আর কোনো গোল না হলেও ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে স্পেন।
এই জয়ে দুই ম্যাচ শেষে স্পেনের পয়েন্ট দাঁড়িয়েছে ৪। অন্যদিকে এক ড্র ও এক হারে সৌদি আরবের সংগ্রহ ১ পয়েন্ট। ফলে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে স্পেন অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গেছে।
গ্রুপের অন্য ম্যাচে রোববার মিয়ামিতে মুখোমুখি হবে কেপ ভার্দে ও উরুগুয়ে। সেই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে গ্রুপ ‘এইচ’-এর পয়েন্ট টেবিলের পরবর্তী চিত্র।
কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে পড়া স্পেন এই জয়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে—বিশ্বকাপের মঞ্চে তারা এখনও অন্যতম শিরোপাপ্রত্যাশী দল। আর ইয়ামাল ও ওয়ারজাবালের দুর্দান্ত পারফরম্যান্স স্প্যানিশ সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে।







































