শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৪ এপ্রিল ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯


ctg-leage

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা

চট্টগ্রাম মহানগরের পৃথক তিনটি স্থানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একাধিক ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযান চালিয়ে মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এসব মিছিল বের করা হয়। সকালে প্রথম মিছিলটি বের হয় মেহেদীবাগ এলাকায় এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে। এটি জিইসি মোড়ের একটি বেসরকারি মেডিকেল সেন্টারের সামনে থেকে শুরু হয়ে গোলপাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে জুমার নামাজের সময় সিআরবির পলোগ্রাউন্ড স্কুলের সামনে আরেক ঝটিকা মিছিল বের হয়। একই সময়ে ২ নম্বর ষোলশহর কর্ণফুলী মার্কেটের সামনে আরেক মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব মিছিল থেকে তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক সেকেন্ডের মধ্যে মিছিল শেষ করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন।

সিএমপির উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলাম জানান, কোতোয়ালি থানায় ছয়জন এবং পাঁচলাইশ থানায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, মিছিলের ভিডিও সংগ্রহ করে যাচাই করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।