
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক আজ বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হবে। বৈঠকটি বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ার সংলগ্ন গ্রেট হল অব দ্য পিপলে স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) শুরু হওয়ার কথা রয়েছে।
বৈঠকের আগে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এ উপলক্ষে পুরো এলাকা বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছে। সড়কের দুই পাশেও উড়ছে বাংলাদেশের পতাকা।
স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। এরপর দুই দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
এদিকে শীর্ষ পর্যায়ের আলোচনা শেষে গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে এক ভোজসভার আয়োজন করবে চীনা কর্তৃপক্ষ।







































