বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ২৫ জুন ২০২৬, ২:২৮ অপরাহ্ন
শেয়ার

২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতা নিয়ে স্পষ্টীকরণ


Finance Dept

২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষার প্রথম ধাপের মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখে চাকরিতে যোগদানকারী কর্মকর্তাদের বেতন নির্ধারণ, পদসমতা, চাকরির ধারাবাহিকতা, বেতন সংরক্ষণ ও অন্যান্য আর্থিক সুবিধা সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ বিভাগের বাস্তবায়ন-৮ শাখা থেকে জারি করা এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত মঙ্গলবার (২৩ জুন) জারি করা ওই পত্রে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মুসফিকুল আলম হালিম। স্পষ্টীকরণপত্রে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ১৮ ডিসেম্বর তারিখের প্রজ্ঞাপনের আলোকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন নির্ধারণের ক্ষেত্রে বিশেষ বিধান অনুসরণ করতে হবে।

এই বিশেষ বিধির আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য ২০০৯ সালের ৩০ জুন পর্যন্ত তৎকালীন জাতীয় বেতনস্কেল-২০০৫, ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় বেতনস্কেল-২০০৯ এবং ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর বর্তমান জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট গণনা করা হবে। পত্রের নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩০ নভেম্বর অথবা জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত সমতুল্য তারিখ থেকে শুরু করে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কে ইনক্রিমেন্ট গণনার মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এই সময়কালকে বিবেচনায় নিয়েই কর্মকর্তাদের নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা যাবে।

তবে অর্থ বিভাগ এখানে একটি শর্ত স্পষ্টভাবে জুড়ে দিয়েছে। এই ইনক্রিমেন্ট গণনা শুধুমাত্র ১ জানুয়ারি ২০২৬ তারিখে চাকরিতে যোগদানের সময় মূল বেতন নির্ধারণের উদ্দেশ্যেই প্রযোজ্য হবে। কর্মকর্তারা সরকারি চাকরিতে প্রকৃত যোগদানের আগের দীর্ঘ সময়ের জন্য কোনো ধরনের বকেয়া বেতন বা অন্য কোনো আর্থিক সুবিধা কোনোভাবেই দাবি করতে পারবেন না।

এর বাইরে, ২০০৮ সালের ৩০ নভেম্বর তারিখের আগে যারা বিভিন্ন ক্যাডার, নন-ক্যাডার বা অন্য কোনো সরকারি চাকরিতে কর্মরত ছিলেন, তাদের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি অনুযায়ী যদি বেতন সংরক্ষণের সুযোগ থাকে, তবে তা বিবেচনায় নিয়েই নতুন বেতন নির্ধারণ করা হবে।

চাকরির ধারাবাহিকতা রক্ষা ও যোগ্যতা সংরক্ষণের বিষয়ে অর্থ বিভাগ জানিয়েছে, ১ জানুয়ারি ২০২৬ তারিখে যোগদানের আগে যদি কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট ক্যাডারে স্থায়ীকরণের সমস্ত পূর্বশর্ত পূরণ করে থাকেন এবং পরবর্তীতে একই ক্যাডারে পুনরায় যোগদান করেন, তবে তাঁর সেই অর্জিত যোগ্যতা সংরক্ষণ করা যেতে পারে।

অন্যদিকে সবচেয়ে আলোচিত বিষয় পদসমতার ক্ষেত্রে অর্থ বিভাগ জানিয়েছে, এই বিষয়ে বিদ্যমান আইন, বিধি ও পদসোপান কাঠামোর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। পত্রে সবশেষে আরও উল্লেখ করা হয় যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ১৮ ডিসেম্বর তারিখের নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন এবং এই বিষয়ে পরবর্তীতে জারি করা অন্যান্য সমস্ত নির্দেশনার শর্তাবলি সংশ্লিষ্টদের যথাযথভাবে অনুসরণ করতে হবে।