
ছবি: সংগৃহীত
১৪৬ দিনের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও কুড়ি ওভারের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় দীর্ঘ সময় ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বাইরে ছিল লিটন-শরিফুলরা। আজ সেই বিরতি ভাঙার দিনে টাইগার স্কোয়াডে তরুণ পেসার আবদুল গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডলকে রেখে বড় চমক দিয়েছে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক লিটন দাস ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও তরুণদের পরখ করে দেখার আভাস দিয়েছেন। ফলে এই দুজনের মধ্যে অন্তত একজনের অভিষেক আজ প্রায় নিশ্চিত।
পেস ইউনিটে শরিফুল ইসলামের সঙ্গে লড়াই হবে সাইফউদ্দিন, তানজিম সাকিব ও সাকলাইনের মধ্যে। ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি বাঁধবেন সাইফ হাসান। তিনে অধিনায়ক লিটন দাস এবং চারে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের সঙ্গে শামীম পাটোয়ারীর জায়গা নিশ্চিত হওয়ায় নুরুল হাসান সোহানকে আজ ডাগআউটে বসে থাকতে হতে পারে। স্পিন বিভাগে শেখ মেহেদী ও রিশাদ হোসেনের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।

চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটারদের জন্য স্বর্গ হিসেবে পরিচিত। টাইগারদের সামনে বড় লক্ষ্য থাকবে প্রথমে ব্যাট করলে পাহাড়সম সংগ্রহ দাঁড় করানো, আর পরে ব্যাট করলে তা তাড়া করার সামর্থ্য দেখানো। অভিজ্ঞ বোলারদের অনুপস্থিতিতে এই সিরিজটি তরুণ পেসার ও স্পিনারদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ।
নিউজিল্যান্ড ওয়ানডের মতো কিছুটা অনভিজ্ঞ খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে। তবে অধিনায়ক টম ল্যাথাম সাফ জানিয়েছেন, যারা আছেন তাদের নিয়েই লড়াই করতে চান। ওয়ানডে সিরিজে কিউইরা বাংলাদেশের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়েছে, তাই টি-টোয়েন্টিতেও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ:-
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন/আবদুল গাফফার সাকলাইন/তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড: টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডন লেনক্স, ইশ সোধি, বেন লিস্টার/ম্যাট ফিশার।













































