রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৬ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার

আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ


Ivy

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আইভীকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশও দিয়েছেন।

আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

পরে অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এরপরও নতুন আরও দুই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ ধরনের গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

সর্বশেষ ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দায়ের করা একটি হত্যা মামলায় কারাবন্দি আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত তাকে ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।