
ছবি: সংগৃহীত
আইপিএল ও স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়ল পাঞ্জাব কিংস। শনিবার (২৫ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ২৬৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে ৭ বল হাতে রেখেই অবিশ্বাস্য জয় পায় তারা।
শনিবার (২৫ এপ্রিল) টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে দিল্লি। ওপেনার কেএল রাহুল খেলেন এক বিধ্বংসী ইনিংস। ৬৭ বলে অপরাজিত ১৫২ রান করেন তিনি, যা আইপিএলে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড। রাহুলের এই সেঞ্চুরিতে ভর করে বড় জয়ের স্বপ্ন দেখছিল দিল্লি।
২৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান পাঞ্জাবের দুই ওপেনার। প্রিয়াংশ আরিয়া ১৭ বলে ৪৩ এবং প্রাভসিমরন সিং ২৬ বলে ৭৬ রান করে পাওয়ারপ্লেতেই দলের স্কোর ১০০ পার করেন। এরপর হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৩৬ বলে ৭১ রানের এক দায়িত্বশীল ও কার্যকর ইনিংস খেলে জয়ের পথ প্রশস্ত করেন তিনি। শেষদিকে নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

এর আগে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬১ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ছিল পাঞ্জাবেরই। এবার ২৬৫ রান তাড়া করে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল তারা।
এই অবিশ্বাস্য জয়ের পর ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে পাঞ্জাব কিংস। আসরের সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে দলটি, আর কেকেআরের বিপক্ষে তাদের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। অন্যদিকে, রাহুলের ঐতিহাসিক ইনিংসটি দলের পরাজয়ের কারণে ম্লান হয়ে গেল।











































