রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শেয়ার

এশিয়ান বিচ গেমস

চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ


kabaddi-bd

ছবি: সংগৃহীত

এশিয়ান বিচ গেমস ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী কাবাডি দল। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আসরে অন্তত একটি পদক জয় নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ চাইনিজ তাইপেকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বাংলাদেশ প্রথমার্ধে ২৫-১১ পয়েন্টে এগিয়ে থাকে। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি, শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে পা রাখায় বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ পদক জয় এখন নিশ্চিত। তবে দলের বর্তমান লক্ষ্য ফাইনালে উঠে স্বর্ণ জয় করা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

অন্যদিকে, নারী দলের এমন জয়জয়কারের দিনে পুরুষ দলের চিত্রটি একেবারেই উল্টো। টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাদের। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর আজ ইরানের বিপক্ষে ৪৭-৩১ পয়েন্টে পরাজিত হয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। এই হারের ফলে পুরুষ দলের টুর্নামেন্টে টিকে থাকা এখন সংকটের মুখে।