বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১১ জুন ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
শেয়ার

মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন


মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন || ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

রীতি অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সভাতেই জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়।

বিশেষ এ সভা শেষে আজ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সই করার পরে বিকাল ৩টায় অর্থমন্ত্রী সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন।

নতুন সরকারের এটি প্রথম বাজেট। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি এবং সুদ পরিশোধের চাপের কারণে আগামী অর্থবছরে সরকারি ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকছে। পাশাপাশি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। আয়-ব্যয়ের কাঠামোতে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেকের কাছেই এসব লক্ষ্য ‘পরাবাস্তব’ বলে মনে হতে পারে।

সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। সেই লক্ষ্য অর্জনের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বৃহৎ বাজেট ঘোষণা করা হচ্ছে। আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ৬ শতাংশ। অথচ গত তিন বছর ধরে প্রবৃদ্ধি ৪ শতাংশের আশপাশে অবস্থান করছে। অন্যদিকে, বিশ্বব্যাংক আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য আগামী অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। অথচ চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা।

২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে আগামী ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।