
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রম তদারকির জন্য একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যবেক্ষক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম পরিচালনা পর্ষদের সভাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে জানাবেন।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইসলামী ব্যাংকের কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।












































