
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের মূল মঞ্চে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আদর্শ এক প্রস্তুতি সেরে নিলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি চোট কাটিয়ে শুধু মাঠেই ফেরেননি, গোল করে দলের জয়ে রাখলেন বড় অবদান। মেসির ফেরার দিনে আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।
বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের আলবামায় অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নেয় আর্জেন্টিনা। দলের হয়ে গোল তিনটি করেছেন লিওনেল মেসি, ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদা।
ম্যাচের শুরুটা অবশ্য আর্জেন্টিনার জন্য কিছুটা সতর্কবার্তা নিয়ে এসেছিল। শুরুতে নিকো পাজের একটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে উঠে যায় আইসল্যান্ড। দলটির ফরোয়ার্ড এলার্টসন গোলের সামনে দারুণ সুযোগ পেলেও তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে রক্ষা পায় আর্জেন্টিনা।
প্রাথমিক সেই ধাক্কা সামলে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্জেন্টিনা। বলের দখল ধরে রেখে ধারাবাহিক আক্রমণ চালাতে থাকে তারা। প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণভাগে সবচেয়ে সক্রিয় ছিলেন তরুণ নিকো পাজ। তার সৃজনশীল পাসিং ও গতিশীলতা বারবার আইসল্যান্ডের রক্ষণে অস্বস্তি তৈরি করেছে। প্রথমার্ধের শেষ দিকে সিমিওনে ও নিকো পাজ সুযোগ হাতছাড়া করলেও ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। মাঠে ফিরেই তিনি দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেন। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে দারুণ এক গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন আর্জেন্টাইন অধিনায়ক। চোট কাটিয়ে মাঠে নেমেই মেসির এই গোল আলবিসেলেস্তে শিবিরে বাড়তি স্বস্তি এনে দেয়।
২-০ তে এগিয়ে যাওয়ার পর ম্যাচের ৮৬ মিনিটে আবারও আইসল্যান্ডের ওপর চেপে ধরে আর্জেন্টিনা। এবার থিয়াগো আলমাদার চমৎকার ফিনিশিংয়ে ৩-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা। বল দখল, আক্রমণের তীব্রতা এবং ম্যাচ নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই স্পষ্ট আধিপত্য দেখিয়ে বিশ্বকাপের মূল আসরের আগে নিজেদের শক্তিমত্তার জানান দিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।











































