বুধবার । জুন ১০, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১০ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম


oil

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাতের জেরে বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় এক শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৩ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৯৭ ডলারে পৌঁছেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা ও আহ্বানে ইসরায়েল এবং ইরান একে অপরের ওপর সরাসরি হামলা বন্ধ করতে সম্মত হয়েছিল। যার ফলে গত মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম গত ১৭ এপ্রিলের পর এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ২৯ মে’র পর সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি।

সম্প্রতি একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাশম দ্বীপে ইরানি সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। ওয়াশিংটনের এই পদক্ষেপের জবাবে তেহরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করায় পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।

উভয় দেশের মধ্যে এই আকস্মিক হামলা-পাল্টা হামলার ঘটনায় জ্বালানি তেলের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সামরিক উত্তেজনা দ্রুত প্রশমিত না হলে সরবরাহ বিঘ্নিত হয়ে আগামী দিনগুলোতে তেলের বাজারে অস্থিরতা আরও চরমে পৌঁছাতে পারে।