
ছবি: রয়টার্স
বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দল তাদের প্রতিটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস)। বর্তমানে দলটি মেক্সিকোর তিহুয়ানায় অনুশীলন করছে।
গত সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ দাবি করেছেন যে ইরানের দলকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে ঢুকতে এবং খেলা শেষে সেদিনই দেশ ছাড়তে হবে। এতে দলের প্রস্তুতি ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল।
তবে মঙ্গলবার ডিএইচএসের এক মুখপাত্র এসব তথ্যকে ভুল বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই দাবিগুলো সত্য নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী ইরানের দল তাদের ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।’
দীর্ঘ অনিশ্চয়তার পর গত শুক্রবার ইরানের সব খেলোয়াড়কে ভিসা দেওয়া হয়, যা তাদের প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে নিশ্চিত করা হয়েছে। যদিও ইরান ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।
তাদের মধ্যে আছেন দলের ম্যানেজার, দুইজন বিশ্লেষক, মিডিয়া পরিচালক এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি।
বিশ্বকাপে ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে।
মূলত ইরান ফুটবল দলের যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অনুশীলনের কথা ছিল। তবে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর নিরাপত্তাজনিত কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়।
গত মার্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান বিশ্বকাপে অংশ নিলে স্বাগত। তবে তিনি মনে করেন, নিরাপত্তার স্বার্থে ইরানি দলের দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা উপযুক্ত হবে না।
তার ভাষায়, ‘তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস










































