
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বর রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে বাংলাদেশ আই হসপিটালের পাশের ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। একই সঙ্গে ভবনের তৃতীয় তলার গ্লাস ভেঙে বাইরের সিঁড়ি বেয়ে কয়েকজনকে নিচে নামতে দেখা যায়।
তবে ভবনটিতে কতজন আটকা পড়েছেন বা ভেতরে কেউ রয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবরও জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
















































