
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় দীর্ঘদিন ধরে খালি থাকা পদগুলোতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। কুমিল্লা-৯ আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালামের সরকারি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অনেক পদ খালি রয়েছে, যা জনসেবার গতি ও কার্যকারিতার ওপর প্রভাব ফেলছে।
তিনি বলেন, জনগণের কাছে আরও সহজ ও কার্যকরভাবে সেবা পৌঁছে দিতে এসব পদে নিয়োগ দেওয়া জরুরি। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব শূন্য পদগুলোতে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।
সংসদে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোতে বর্তমানে ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এ সময় তিনি তারকা চিহ্নিত তিনটি প্রশ্ন এবং সংশ্লিষ্ট সম্পূরক প্রশ্নের উত্তর দেন।
এদিকে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব এলাকার সমান উন্নয়নে বিশ্বাস করে। সরকারদলীয় ও বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারের সহযোগিতা সমানভাবে থাকবে।
তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেছিলেন যে, ঈদের আগে সরকারের কিছু সহায়তা কর্মসূচির সুবিধা কয়েকজন বিরোধী দলের সংসদ সদস্য পাননি। বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দেশের সব অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে চায় এবং বিরোধী দলের প্রতিনিধিত্বকারী এলাকাগুলোতেও সমান গুরুত্ব দিয়ে কাজ করবে।












































