
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছিল। শোকজের যে জবাব তারা দিয়েছে, তাতে সরকার সন্তুষ্ট নয়।
বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নবজাতকদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া শোকজের যে জবাব আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে, তাতে সরকার সন্তুষ্ট নয়। তাদের সব তথ্যই অস্পষ্ট।’
সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘এ ব্যাপারে আলোচনা করে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২৭ মে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব এবং প্রশাসনিক ত্রুটির কথা উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডটিতে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং এসি ব্যবস্থাও অপ্রতুল ও অনিয়মিতভাবে পরিচালিত হতো।
তদন্তে আরও বলা হয়, ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং গুরুতর অবস্থার পরও সময়মতো চিকিৎসাসেবা দেওয়া হয়নি।
তদন্ত প্রতিবেদনে নবজাতকদের শারীরিক অবস্থা জন্মের পর সুস্থ ছিল বলেও উল্লেখ করা হয়।
গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছিল।












































