
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৯২ জন শিশু।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সারা দেশে মোট ৮০ হাজার ১০৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত একদিনেই আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। ফলে একদিনে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সময়ে সন্দেহভাজন হাম আক্রান্ত হয়ে মোট ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে প্রাণ হারিয়েছে আরও ৯২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে।
এ ছাড়া গত প্রায় তিন মাসে সন্দেহভাজন হাম আক্রান্ত হয়ে ৬৫ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ২৭৮ জন।












































