
দেশটির সাউথ কোটাবাটো, সুলতান কুদারাত, সারাঙ্গানি প্রদেশ এবং জেনারেল সান্তোস শহরে হতাহতদের বেশিরভাগ ঘটনা ঘটেছে
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩৪ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সোমবার সকালে দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, জাপান, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে কয়েক ঘণ্টা পর কিছু এলাকায় সতর্কতা প্রত্যাহার করা হয়।
স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। এর মধ্যে একটি জোলিবি ফাস্টফুড রেস্তোরাঁ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘটনাও নজরে আসে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সাউথ কোটাবাটো, সুলতান কুদারাত, সারাঙ্গানি প্রদেশ এবং জেনারেল সান্তোস শহরে হতাহতদের বেশিরভাগ ঘটনা ঘটেছে। তবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এখনো এসব তথ্য যাচাই-বাছাই করছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক বিবৃতিতে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
প্রাথমিক ভূমিকম্পের পর দেশটিতে এখন পর্যন্ত ১৩০টিরও বেশি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে। এসব কম্পনের মাত্রা ছিল ১ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৭ পর্যন্ত।










































