রবিবার । জুন ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ জুন ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
শেয়ার

বাজেট অধিবেশন শুরু

আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার


নারী সদস্যদের আগমনে সংসদ পূর্ণতা পেয়েছে: স্পিকার

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

আজ রোববার (০৭ জুন) বেলা ০৩ টায় অনুষ্ঠিত এ অধিবেশনের শুরুতেই, সংসদ সদস্যবৃন্দদের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে। সংসদ আজ নারী সদস্যদের আগমনে পূর্ণতা পেয়েছে। তাদেরকেও আমি অভিনন্দন জানাই।

এরপরই এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মোনাজাত পরিচালনার জন্য আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন।

অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অধিবেশনের শুরুতে ধর্ষণের শিকার হয়ে নিহত রামিসা, ফাহিমা মীম, আমিনা ও তাবাসসুম আক্তারের জন্য সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে ১ মিনিট নিরবতা পালন করেন সংসদ সদস্যরা।

এর আগে, মৃত্যুবরণ করা ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের জন্য সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের মধ্যে রয়েছেন সৈয়দ মোহাম্মদ কায়সার, অধ্যাপক এম এ মান্নান, জি এম ফজলুল হক, এবিএম আনোয়ারুল হক, ব্যারিস্টার শফিক আহমেদ, মোহাম্মদ সামসুদ্দোহা, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, দেওয়ান সামছুল আবেদিন, গোলাম সরওয়ার মিলন, মোসলেম উদ্দিন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মিজানুর রহমান সিনহা, দবিরুল ইসলাম, তোফায়েল আহমেদ, আব্দুল মতিন এবং এ কে এম রহমতউল্লাহ। তাদের মৃত্যুতে জাতীয় সংসদের শোক ও দু:খ প্রকাশ করা হয়।

এছাড়া অধিবেশনে সংসদের দ্বিতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলি মনোনয়ন দেওয়া হয়। মনোনীত সদস্যরা হলেন, বেগম সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী।

এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।