রবিবার । জুন ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৭ জুন ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
শেয়ার

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ১৭ জুন


Osman-Hadi

শরিফ ওসমান হাদি ।। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৭ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। হামলার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার দুই দিন পর, ১৪ ডিসেম্বর, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করলে ২০ ডিসেম্বর মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ যুক্ত করার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

প্রাথমিক তদন্ত শেষে চলতি বছরের ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে সেই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি মামলার বাদী নারাজি আবেদন করেন।

বাদীর আবেদনের পর আদালত ডিবির তদন্তে সন্তুষ্ট না হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

ডিবির দেওয়া অভিযোগপত্রে ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন, আর বাকি ৬ জন এখনও পলাতক বলে জানা গেছে।