বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১১ জুন ২০২৬, ১:২৯ অপরাহ্ন
শেয়ার

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত


Indian ship

২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ ছিলেন।

ওমান উপকূলের কাছে পালাউ-নিবন্ধিত তেলবাহী জাহাজ এমটি সেট্টেবেলো-তে হামলার ঘটনায় নিখোঁজ তিন ভারতীয় নাবিকের মৃত্যু নিশ্চিত করেছে ভারত সরকার। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

নিহত তিন নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ। হামলার পর তারা নিখোঁজ ছিলেন। পরে উদ্ধারকারী দল তাদের মরদেহ শনাক্ত করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সোনোয়াল এ ঘটনাকে ‘সামুদ্রিক পরিবারের জন্য গভীর ক্ষতি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, নিহতদের পরিবারের পাশে রয়েছে ভারত সরকার এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের উদ্দেশে যাত্রারত এমটি সেট্টেবেলোতে ২৪ জন ভারতীয়সহ বহুজাতিক নাবিকদল ছিল। হামলার পর ওমানি কর্তৃপক্ষ ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ ছিলেন।

এ ঘটনার পর ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া জানায়। বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে বলেছে, ভারতীয় নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।