
ছবি: এআই নির্মিত
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কঠিন’ হামলার হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়। তবে প্রাথমিকভাবে এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ইরানের ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে “অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা” পরিচালনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের “অযৌক্তিক ও ধারাবাহিক আগ্রাসনের” জবাব হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
হামলার আগে ট্রাম্প বলেন, “গতকাল আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি এবং আজও একইভাবে আঘাত করব।” নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করেন, সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনায় ইরান অযথা সময়ক্ষেপণ করছে।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানকে কূটনৈতিক সমাধানের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো চাপ বা হুমকির বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে।













































