
৩৯ বছর বয়সী রাউজি এবং ৪৪ বছর বয়সী কারানো—দুজনই নারী এমএমএ’র কিংবদন্তি হিসেবে পরিচিত
লস অ্যাঞ্জেলেসে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন লড়াইয়ে সাবেক এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) সুপারস্টার রোন্ডা রাউজি মাত্র ১৭ সেকেন্ডেই হারিয়ে দিয়েছেন আরেক কিংবদন্তি গিনা কারানোকে। আর্মবার সাবমিশনের মাধ্যমে জয় নিশ্চিত করার পর আবারও অবসরের ঘোষণা দেন রাউজি।
শনিবার অনুষ্ঠিত এই নন-টাইটেল লড়াই ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা। তবে ম্যাচটি খুব দ্রুত শেষ হয়ে যাওয়ায় অনেকেই অবাক হন। শুরুতেই কারানোকে মাটিতে ফেলে দেন রাউজি, এরপর মুহূর্তের মধ্যেই তাকে আর্মবারে আটকে দিয়ে ম্যাচ শেষ করেন।
৩৯ বছর বয়সী রাউজি এবং ৪৪ বছর বয়সী কারানো—দুজনই নারী এমএমএ’র কিংবদন্তি হিসেবে পরিচিত। একসময় তাদের জনপ্রিয়তাই নারী এমএমএকে বিশ্বব্যাপী মূলধারার খেলায় পরিণত করতে বড় ভূমিকা রেখেছিল।
কারানো অনেক আগেই হলিউডে ক্যারিয়ার গড়েন এবং বিভিন্ন অ্যাকশন সিনেমায় অভিনয় করেন। ২০০৯ সালের পর এই প্রথম তিনি আবার এমএমএ রিংয়ে ফিরলেন।
অন্যদিকে, ২০০৮ অলিম্পিকে জুডোতে ব্রোঞ্জজয়ী রাউজি Ultimate Fighting Championship-এ দুর্দান্ত সাফল্য পাওয়ার পর ২০১৬ সালে অবসর নিয়েছিলেন। টানা দুই ম্যাচে হারের পর তিনি এমএমএ ছেড়ে দেন।
দীর্ঘদিন পর দুই তারকাকে আবার একই মঞ্চে ফিরিয়ে আনে বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব। জানা গেছে, স্ট্রিমিং প্ল্যাটফর্মের এই বিশেষ আয়োজন থেকে দুজনই কয়েক মিলিয়ন ডলার আয় করবেন।
ম্যাচ শেষে আবেগঘন বক্তব্য দেন রাউজি। তিনি বলেন, ‘গিনা-ই একমাত্র মানুষ, যে আমাকে আবার এমএমএতে ফিরিয়ে আনতে পেরেছে। সে আমার অনুপ্রেরণা। আমরা একসঙ্গে এই খেলাটাকে বদলে দিয়েছি।’
তবে এই জয় দিয়েই নিজের ক্যারিয়ারের ইতি টানতে চান বলে স্পষ্ট জানান রাউজি। মজা করে তিনি বলেন, ‘এর চেয়ে ভালোভাবে শেষ করা সম্ভব না। এখন আমি আরও সন্তান নিতে চাই।’
হারলেও হতাশ নন কারানো। তিনি বলেন, ‘আমি লড়তে চেয়েছিলাম, কিন্তু সুযোগই পেলাম না। তবুও এখানে ফিরে আসাটাই আমার জন্য বড় জয়।’
কারানো আরও জানান, এই ম্যাচের জন্য প্রস্তুতি নিতে গিয়ে গত দুই বছরে তিনি প্রায় ৪৫ কেজি ওজন কমিয়েছেন। ১৭ বছর পর আবার খাঁচায় ফিরতে পারাটাকেই তিনি নিজের জীবনের বড় অর্জন হিসেবে দেখছেন।
যদিও ভবিষ্যতে আবার এমএমএতে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কারানো।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প









































