
ঈদের আগেই জমে উঠল চাঁপাইনবাবগঞ্জের পশুর হাট
পবিত্র ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। ঈদের বাকি আরও কিছুদিন থাকলেও চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলোতে আগেভাগেই পুরোদমে শুরু হয়ে গেছে কোরবানির পশু বেচাকেনা। জেলার পাঁচটি উপজেলার খামারি ও সাধারণ গৃহস্থরা এখন পশুদের শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এবার চাঁপাইনবাবগঞ্জে চাহিদার তুলনায় বিপুল পরিমাণ কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। জেলায় কোরবানির পশুর মোট চাহিদা যেখানে ১ লাখ ৬৭ হাজার ২০২টি, সেখানে খামার ও পারিবারিক পর্যায়ে বিক্রির জন্য প্রস্তুত রয়েছে ২ লাখ ২৬ হাজার ৫০টি পশু। ফলে জেলায় এবার চাহিদার চেয়েও ৫৮ হাজার ৮৪৮টি পশু বেশি রয়েছে।
প্রস্তুতকৃত পশুর তালিকায় রয়েছে ৪৩ হাজার ৮২৪টি ষাঁড়, ৩৬ হাজার ৩৩১টি বলদ, ৩৬ হাজার ৮৫৫টি গাভী, ৫০৬টি মহিষ, ৮৪ হাজার ৮০১টি ছাগল এবং ১২ হাজার ৯২২টি ভেড়া।
স্থানীয় ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা বড় বড় পাইকারদের উপস্থিতিতে হাটগুলো জমজমাট।
চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তার জানান, “ঈদুল আজহা আমাদের দেশের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। এই উৎসবকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সবসময়ই একটি চ্যালেঞ্জের মধ্যে থাকে। তবে এবারও আমরা সব অংশীজনদের সাথে নিয়ে সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত।”












































