শনিবার । মে ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৬ মে ২০২৬, ১:১৬ অপরাহ্ন
শেয়ার

শ্রম আইন লঙ্ঘন: ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব


Saudi

৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব

শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। আইন অমান্য করার দায়ে দেশটিতে একযোগে ৭ হাজার ২০০টিরও বেশি ওয়ার্ক ভিসা বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ভিসা বাতিলের পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপরও বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। আইন লঙ্ঘনকারী এসব প্রতিষ্ঠানের সব ধরনের সরকারি পরিষেবা আপাতত স্থগিত করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানগুলোর তথ্য সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’-এর হিসাব থেকেও বাদ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিশেষ পর্যবেক্ষণ দল এবং স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক মামলা খতিয়ে দেখা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৫০৯টি মামলায় অবৈধ কর্মসংস্থান সম্পর্কিত সরাসরি আইন লঙ্ঘনের প্রমাণ মিলেছে। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকেই বেসরকারি খাতে আড়াই লাখ বার সরেজমিন পরিদর্শনে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত করে কর্তৃপক্ষ।

অবৈধ গৃহকর্মী সেবা সংক্রান্ত প্রচার চালানোর দায়ে সোশ্যাল মিডিয়ার ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মানবপাচার প্রতিরোধের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রায় ৫৪ হাজার আগাম পরিদর্শন কার্যক্রম চালিয়েছে।

যেসব কর্মী এই পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বৈধ চাকরির সুযোগ খুঁজে দিতে বিশেষ সহায়তা করছে সরকার। ক্ষতিগ্রস্তদের তথ্য ইতোমধ্যে মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ পাঠানো হয়েছে।