
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম পুরোদমে চলছে। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (১৬ মে) দেওয়া হচ্ছে আগামী ২৬ মে’র যাত্রার টিকিট। স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় ও ভোগান্তি কমাতে এবারের ঈদযাত্রার শতভাগ টিকিটই অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের সব ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর দুপুরের শিফটে অর্থাৎ দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলীয় জোনের সব ট্রেনের টিকিট বিক্রি। রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, এবারও যাত্রীদের সুবিধার্থে অঞ্চল ভেদে দুই ভাগে ভাগ করে টিকিট দেওয়া হচ্ছে।
রেলওয়ের ঈদ কার্যবিবরণী অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর আগে গত ১৩ মে দেওয়া হয়েছে ২৩ মে’র টিকিট, ১৪ মে দেওয়া হয়েছে ২৪ মে’র এবং গতকাল ১৫ মে দেওয়া হয়েছে ২৫ মে’র টিকিট। আজ ২৬ মে’র টিকিট বিক্রির পর আগামীকাল রবিবার (১৭ মে) দেওয়া হবে ২৭ মে’র অগ্রিম টিকিট। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে পরবর্তী ২৮, ২৯ ও ৩০ মে’র যাত্রার টিকিট বিক্রির তারিখ ও সময় নির্ধারণ করা হবে।
টিকিট কালোবাজারি রোধ ও সাধারণ যাত্রীদের অধিকার নিশ্চিতে রেলওয়ের কঠোর নির্দেশনা রয়েছে। একজন যাত্রী ঈদ উপলক্ষে অগ্রিম যাত্রার জন্য নিজের এনআইডি ব্যবহার করে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের এই বিশেষ টিকিটগুলো কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।
অন্যদিকে যারা অনলাইনে টিকিট পাবেন না, তাদের জন্য যাত্রার দিন আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) সংশ্লিষ্ট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।





































