শুক্রবার । মে ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শেয়ার

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি


Tareq-Rahman

ফাইল ছবি

২২ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে পুরো চাঁদপুর জেলাজুড়ে এখন ব্যাপক প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি চলছে।

সফরকালে প্রধানমন্ত্রী জেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শনের পাশাপাশি স্থানীয় দলীয় নেতাকর্মীদের বিশেষ দিকনির্দেশনা দেবেন।

দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হবেন। দুপুরে তিনি শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

এরপর চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামে ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং সবশেষে বিকেলে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর এই সফর কেবল চাঁদপুরের জন্যই নয়, দেশীয় অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, দুটি খাল পুনঃখনন কর্মসূচির পাশাপাশি জেলার রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ৩৭০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একই সঙ্গে চাঁদপুর থেকেই একযোগে দেশের ২২টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। প্রশাসন এই আয়োজন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চাঁদপুরের ব্যবসায়ী, তরুণ সমাজ ও রাজনৈতিক নেতাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে সড়ক, নৌ ও রেলপথের যোগাযোগ ব্যবস্থা খুবই চমৎকার। এখানে একটি ইপিজেড বা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এটি হলে চাঁদপুরের পাশাপাশি আশপাশের কয়েক জেলার মানুষের কর্মসংস্থান হবে এবং প্রধানমন্ত্রীর কাছে এটিই তাদের অন্যতম প্রধান চাওয়া।

একইভাবে চাঁদপুরে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে ইপিজেড প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ। তিনি শিল্পায়নের পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের ওপর জোর দেন। এছাড়া চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম হোসেন জানান, তরুণরা প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুর-কুমিল্লা সড়ক চার লেনে উন্নীত করা এবং জেলাকে পর্যটন শিল্পে বিকশিত করার দাবি জানাচ্ছে।