
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতির শঙ্কা এবং শক্তিশালী ডলারের প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন ঘটেছে। শুক্রবার (১৫ মে) টানা চতুর্থ দিনের মতো মূল্যবান এই ধাতুর দাম কমেছে।
আন্তর্জাতিক বাজারে আজ স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৩ ডলার ১৯ সেন্টে নেমে এসেছে, যা গত ৬ মে’র পর সর্বনিম্ন। চলতি সপ্তাহে সোনার দাম সামগ্রিকভাবে ২.১ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি জুন মাসের স্বর্ণ ফিউচারও ১.৪ শতাংশ কমে ৪ হাজার ৬১৯ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের মান চলতি সপ্তাহে ১ শতাংশের বেশি বেড়েছে। ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় বিনিয়োগকারীরা সোনার চেয়ে বন্ডের দিকে বেশি ঝুঁকছেন। বিশ্লেষক টিম ওয়াটারার জানান, সুদের হার কমানোর আশা দুর্বল হয়ে পড়ায় সোনার বাজারে এই নেতিবাচক প্রভাব পড়েছে।
স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ৩.১ শতাংশ কমে প্রতি আউন্স ৮০ ডলার ৯৩ সেন্টে নেমেছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও যথাক্রমে ১.৭ শতাংশ ও ০.৯ শতাংশ পতন লক্ষ্য করা গেছে।
সূত্র: রয়টার্স











































