
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না এলে তেহরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তিতে না এলে ইরান “ধ্বংসের” ঝুঁকিতে পড়বে।
মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানকে হয় কূটনৈতিক সমঝোতায় আসতে হবে, নয়তো কঠিন পরিণতি মোকাবিলা করতে হবে। বিশ্লেষকদের মতে, তেহরানের ওপর চাপ বাড়াতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর বক্তব্যগুলোর একটি এটি।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান সম্প্রতি ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম সরিয়েছে। যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তার ভাষ্য, এসব সামরিক সক্ষমতা অল্প সময়ের মধ্যেই ধ্বংস করা সম্ভব।
তবে ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে তুলনামূলক ইতিবাচক মন্তব্যও করেছেন ট্রাম্প। তিনি বলেন, বর্তমান ইরানি কর্মকর্তারা আগের তুলনায় বেশি বাস্তববাদী এবং আলোচনায় আগ্রহী বলে মনে হচ্ছে।
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার প্রশ্নে ট্রাম্প বলেন, এটি মূলত স্বচ্ছতার বিষয়। যদিও তিনি দাবি করেন, এই ইস্যু প্রথম তিনিই সামনে এনেছিলেন এবং তা বাস্তবায়নে এখনও প্রতিশ্রুতিবদ্ধ।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।
তবে শেষ পর্যন্ত ইরান আলোচনার পথই বেছে নেবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সূত্র: আল জাজিরা







































