শুক্রবার । মে ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৫ মে ২০২৬, ৪:২২ অপরাহ্ন
শেয়ার

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির


Ram-Prashad

সংগৃহীত ছবি

পর্তুগালের আলগার্ভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার আলগার্ভের মেক্সিলহেইরা গ্রান্দে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। পারিবারিক সূত্র জানায়, জীবিকার সন্ধানে মাত্র ১০ থেকে ১৫ দিন আগে তিনি পর্তুগালে গিয়েছিলেন।

জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে পাঁচজন বাংলাদেশি ছিলেন। রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী ট্রেন প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকারের মৃত্যু হয়।

আহত চারজনকে উদ্ধার করে পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ৩১ থেকে ৪৯ বছরের মধ্যে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর আলগার্ভ রেললাইনের পোর্তিমাও ও মেক্সিলহেইরা গ্রান্দে স্টেশনের মধ্যবর্তী অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। উদ্ধার অভিযান শেষে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পর্তুগিজ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি ট্রেনের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।